প্রকাশিত: Sun, Dec 4, 2022 1:51 PM
আপডেট: Thu, Mar 12, 2026 10:00 AM

বঙ্গবন্ধুর নির্দেশে নিউক্লিয়াস গঠন করেন শেখ মনি: মেয়র তাপস

সুজিৎ নন্দী: দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, শহীদ শেখ ফজলুল হক মনি বিদ্যালয় জীবন থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন। বঙ্গবন্ধুর ডাকে তিনি রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন। বাংলাদেশব্যাপী তাঁর উপর হুলিয়া ছিল। 

মেয়র আরো বলেন, দীর্ঘজীবন তার কারাদÐ ভোগ করতে হয়েছে। তারপরও বঙ্গবন্ধুর নির্দেশে নিউক্লিয়াস গঠন করে সারাদেশে তিনি ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন। শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং নিউক্লিয়াস গঠন করে মেধাবী ছাত্রদেরকে রাজনীতিতে নিয়ে এসেছেন। মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামে তাদেরকে সম্পৃক্ত করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনী গঠন করে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে নিজেই যুদ্ধে লিপ্ত হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর নির্দেশে জাতি গঠনে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেছেন। রোববার বনানী কবরস্থানে ৮৪তম জন্মদিন উপলক্ষে শহীদ শেখ ফজলুল হক মনি’র কবরে শ্রদ্ধার্ঘ অর্পণের পর মেয়র একথা বলেন। 

শেখ মনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, তিনটি পত্রিকা তিনি চালু করেছিলেন। দৈনিক বাংলার বাণী, দ্য ডেইলি বাংলাদেশ টাইমস এবং বিনোদনমূলক সাপ্তাহিক ‘সিনেমা’। এর মাধ্যমে তিনি জাতি গঠনে অনবদ্য অবদান রেখেছিলেন। অনবদ্য ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে জাতির জন্য তিনি নিবেদিতভাবে কাজ করেছেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্টে নির্মমভাবে হত্যাকাÐের শিকার সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পিতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন যথাযথ মর্যাদায় উদযাপনে দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। 

এছাড়াও মেয়র হানিফ জামে মসজিদ, গোলাপশাহ মাজার মসজিদসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত এবং করপোরেশনের আওতাধীন বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দিও, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ